বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ভাষাসৈনিকেরা। একই সঙ্গে রশিদ বিল্ডিং থেকে শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থান হয়ে ১৯ নম্বর আজিমপুর পর্যন্ত সড়ককে ‘ভাষা আন্দোলন স্মৃতি সড়ক’ নামকরণ এবং সড়কটিতে ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থাপনা-স্থান সংরক্ষণের দাবি জানান তাঁরা।গতকাল রাজধানীর পলাশীতে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাঠে ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন সমিতির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘ভাষা আন্দোলন স্মৃতি প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষাসৈনিকেরা এসব দাবি জানান। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে তত্কালীন পলাশীর ব্যারাকে (সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাঠে) এসে পদযাত্রা শেষ করেন ভাষাসৈনিকেরা। প্রদর্শনী আজ রোববার রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে এখনই সংরক্ষণ করতে হবে। না হয় ৩০-৩৫ বছর পর ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কেবল গল্প বইয়ের বিষয়বস্তুতে পরিণত হবে।ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু বলেন, স্বাধীনতার মাত্র ৩৯ বছরে ভাষা আন্দোলনের ইতিহাস বা স্মৃতিচারণা শুধু ফেব্রুয়ারি মাসে এসে ঠেকেছে। অন্য সময় ভাষাসৈনিক, ভাষা আন্দোলন এমনকি শহীদ মিনারের খবর কেউ রাখে না। তিনি ভাষাশহীদদের বীরত্বগাথা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান।মীর্জা মাজহারুল ইসলাম জাতীয় সংসদে পাস করা ‘সর্বস্তরে বাংলা ভাষা চালু’ করার দাবি জানান। তিনি বলেন, আদালতের সব কাজ বাংলা ভাষায় করতে হবে।সভায় আরও বক্তৃতা করেন ভাষাসৈনিক খালেদা খাতুন, খলিল রহমান কাজী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আল মুক্তাদির, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ও সমন্বয়ক মাহবুবুর রহমান।