প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়েছে।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল সোমবার একুশে পদক-২০১২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার একুশে পদকের জন্য নির্বাচিত ১৫ জনের প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।এবার একুশে পদক পাওয়া ব্যক্তিরা হলেন: ভাষা আন্দোলনের জন্য মমতাজ বেগম (মরণোত্তর); শিক্ষায় অধ্যাপক এ কে নাজমুল করিম (মরণোত্তর), ড. মনসুরুল আলম খান ও অধ্যাপক অজয় কুমার রায়; শিল্পকলায় তারেক মাসুদ (মরণোত্তর), মোবিনুল আজিম (মরণোত্তর), অধ্যাপক করুণাময় গোস্বামী, মামুনুর রশীদ ও ড. ইনামুল হক; ভাষা ও সাহিত্যে অধ্যাপক হুমায়ুন আজাদ (মরণোত্তর); সাংবাদিকতায় এহতেশাম হায়দার চৌধুরী (মরণোত্তর), আশফাক মুনীর (মরণোত্তর) ও হাবিবুর রহমান মিলন; সমাজসেবায় শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক বরেণ চক্রবর্তী।অনুষ্ঠানে মোবিনুল আজিমের পক্ষে তাঁর স্ত্রী মমতাজ আজিম, তারেক মাসুদের পক্ষে তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ, এহতেশাম হায়দার চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী সুফিয়া হায়দার চৌধুরী, আশফাক মুনীরের পক্ষে তাঁর মা লিলি চৌধুরী, এ কে নাজমুল করিমের পক্ষে তাঁর মেয়ে শাহনাজ নাজনীন করিম এবং হুমায়ুন আজাদের পক্ষে তাঁর স্ত্রী লতিফা খানম প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেন।ক্যাথরিন মাসুদ মঞ্চে উঠে শেখ হাসিনাকে আলিঙ্গন করেন। শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী ও আশফাক মুনীরের মা লিলি চৌধুরীকে প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে মঞ্চের মাঝে নিয়ে আসেন এবং পদক প্রদান শেষে তাঁকে ধরে চেয়ারে বসিয়ে দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘একুশের চেতনাকে সমুন্নত রাখতে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। ভাষা আন্দোলন ও স্বাধীনতার চার মূল স্তম্ভকে যারা অস্বীকার করে তারা একুশের শত্রু, স্বাধীনতার শত্রু। এদের মোকাবিলা করার জন্য আমাদের নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। এ জন্য বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা সমাজের প্রতিটি ক্ষেত্রে ও স্তরে পৌঁছে দিতে হবে।’জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় প্রথম ভাষণ দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলা ও বাঙালির ঐতিহ্য বিশ্ব অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। জাতির পিতাকে অনুসরণ করে আমিও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা এ মাস থেকে সব ব্র্যান্ডের বেসিক মোবাইল হ্যান্ডসেটে পূর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক করেছি। ডট বিডির পাশাপাশি দ্বিতীয় কান্ট্রি কোডেড টপ লেবেল ডোমেইন হিসেবে ডটবাংলা (বাংলা) প্রবর্তনের উদ্যোগ নিয়েছি।’পদক পাওয়া ব্যক্তিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই পুরস্কার আপনাদের দীর্ঘদিনের সাধনা, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। আমি মনে করি, আজ থেকে একুশের চেতনা বাস্তবায়নে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।’তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম। অনুষ্ঠানে পদক পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া।