বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিভিন্ন কারণে আমাদের বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এই মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’
গতকাল মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি। আজ যেকোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।’ এর আগে আওয়ামী লীগের নেতারা আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত, ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান প্রমুখ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।