বাংলা ভাষার ব্যবহার ও চর্চার ক্ষেত্রে নানা ধরনের বিচ্যুতি ও বিভ্রাট আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে সবার কাছে গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত একটি বানান ও উচ্চারণরীতি তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি।গতকাল সোমবার মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন। তিনি আস্থা ও দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ করছে। জাতীয় সংসদে এ বিষয়ে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। এ দাবি পূরণ হবেই।প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ‘এশিয়ান বর্ণমালা ও লিপি বৈচিত্র্য’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি ঘুরে ঘুরে প্রায় হারিয়ে যাওয়া এশিয়ার বিভিন্ন মাতৃভাষার বর্ণমালা প্রত্যক্ষ করেন।উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের হাজারো মানুষের মায়ের ভাষা আজ হুমকির সম্মুখীন। এরই মধ্যে বহু ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এ পরিস্থিতিতে পৃথিবীর সব মাতৃভাষাকে বিলুপ্তি থেকে রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘এবার সরকারের দায়িত্ব নিয়েই মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ শেষ করেছি। গত বছরের অক্টোবর মাসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন পাস করেছি। গত ১০ জানুয়ারি মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা সম্পর্কিত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। অচিরেই জনবল নিয়োগের মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে।’শেখ হাসিনা বলেন, সংস্কৃতির ধারাকে সমুজ্জ্বল করার লক্ষ্যে চলতি অর্থবছরে এ খাতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে এর চারপাশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি সাংস্কৃতিক বলয় গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কাঙ্ক্ষিত শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আর তবেই পূরণ হবে বায়ান্নর ভাষা শহীদ এবং একাত্তরের শহীদদের স্বপ্ন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সাংসদ, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।