বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নলজানী এলাকায় গতকাল মা হাসিনা বিবির কবরস্থানের পাশে ভাষাশহীদ আবুল বরকতের স্মৃতিচারণা ও দোয়া অনুষ্ঠান হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
নলজানী এলাকায় স্মৃতিচারণা অনুষ্ঠানে আবুল বরকতের ভাতিজা আলাউদ্দিন বরকত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, শহীদ বরকত স্মৃতি সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া শহীদ বরকত স্মৃতি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। আবুল বরকতের আরেক ভাতিজা আইন উদ্দিন বরকত বলেন, ‘আমরা উচ্চ আদালতসহ সর্বত্র বাংলা ভাষার প্রচলন চাই। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতির বিষয়ে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’
আইন উদ্দিন বরকত বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের মিছিল করতে গিয়ে ঢাকার বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিতে আবুল বরকত শহীদ হন। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। পরে আবুল বরকতের ছোট ভাই আবুল হাসনাত বড় ভাইয়ের পছন্দ ও ইচ্ছানুযায়ী গাজীপুরে ১৯৬৪ সালে ভারতের সঙ্গে জমি বিনিময় করে গাজীপুরের চান্দনা এলাকায় সপরিবারে বসবাস শুরু করেন।
এদিকে গাজীপুর জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা হয়। পাশাপাশি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান, কবিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মানিকগঞ্জে দিবসের প্রথম প্রহরে জেলা শহরের বিজয় মেলা মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও পুলিশ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
গতকাল সকালে বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা পৌনে ১১টার দিকে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এরপর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন।
এর আগে সকাল সাতটার দিকে সিঙ্গাইর উপজেলার রফিকনগরে শহীদ রফিকউদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বিজয় মেলা মাঠের সামনে আয়োজিত মঞ্চে শহীদ রফিকউদ্দিনের পরিবারের সদস্য ও ভাষাসৈনিকদের সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাঢ়া শহীদ মিনারে গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির আয়োজন করে।
সোনারগাঁয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন, ইউএনও শাহীনুর ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান প্রমুখ। দুপুরে আলোচনা সভা ও ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জে দিবসের প্রথম প্রহরে শিল্পকলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ভরে যায়। এরপর ভোরে প্রভাতফেরি করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এরপর পুলিশ সুপার মো. জায়েদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও সোনারগাঁ প্রতিনিধি)