বাংলাকে ভালোবাসার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে প্রথম আলো-এইচএসবিসি আয়োজিত ভাষা প্রতিযোগ-২০১৬-এর প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন এক শিক্ষার্থী। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে প্রথম আলো-এইচএসবিসি আয়োজিত ভাষা প্রতিযোগ-২০১৬-এর প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছেন এক শিক্ষার্থী। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

সকাল থেকেই টানা বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের আবহাওয়া ছিল এমন বৈরী। কিন্তু তা উপেক্ষা করে ভাষার টানে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ মাঠে ছুটে আসে শিক্ষার্থীরা। এই মাঠে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ উৎসব।
এইচএসবিসি-প্রথম আলো আয়োজিত এই উৎসবে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। তারা বাংলা ভাষাকে ভালোবাসার অঙ্গীকারও করে।
দিনভর প্রতিযোগে ভাষা ও বানান নিয়ে লিখিত পরীক্ষা, ভাষার উৎপত্তি, বিকাশ, বর্ণমালার বৈচিত্র্য ও সাহিত্য নিয়ে প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজন ছিল। শিক্ষার্থীরা আগ্রহভরে ও দারুণ উদ্দীপনা নিয়ে এসব পর্বে অংশগ্রহণ করে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শাহীন আল রাজী। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. দানীউল হক। জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী ৩৫ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষা শেষে বানান নিয়ে পাঁচ মিনিটের আরেকটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর-পর্ব।
শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের এই পর্বটি ছিল সবচেয়ে জমজমাট। এ পর্বে ‘বাংলা ভাষার জন্ম কবে’, ‘প্রাচীনকালে সংস্কৃত ভাষা শুধু ভদ্র মানুষের ভাষা হিসেবে কেন পরিচিত ছিল’, ‘বাংলায় ছাপা হওয়া অক্ষরগুলো প্রথম কোন ব্যাকরণ বইয়ে ছাপা হয়’, ‘চর্যাপদ কবিদের পেছনে “পা” ব্যবহার করা হয় কেন’, ‘একবার না পারিলে দেখ শতবার বলা হলেও পরীক্ষায় একবারের বেশি সুযোগ কেন দেওয়া না’, ‘মহাকাব্য ও অণুকাব্য কাকে বলে’, ‘বাংলা বর্ণমালায় কোনো বর্ণ পূর্ণমাত্রা, কোনো বর্ণ অর্ধমাত্রা আবার কোনোটি মাত্রাহীন কেন’—মঞ্চে বসা শিক্ষকদের কাছে এই রকম বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় শিক্ষার্থীরা। এসব প্রশ্ন করে বইও জিতে নেয় তারা।
শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আজিজুল হক, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. দানীউল হক।
প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী তারিক মনজুর। এ সময় গান পরিবেশন করে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী তানহা ইসলাম।
প্রশ্নোত্তর পর্ব শেষে বানান পরীক্ষায় বিজয়ী আট শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় বানান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তিনজন বিজয়ী হয়। তাদের ‘বানান বীর’ অভিধায় অভিহিত করা হয়। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কুমিল্লা জিলা স্কুলের ইশতিয়াক আহমেদ।
প্রায় এক ঘণ্টা বিরতির পর বেলা দুইটার দিকে উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন ক্লোজ আপ-ওয়ান শিল্পী রাশেদ। আয়োজকদের পক্ষ থেকে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ শাহীন আল রাজীর হাতে ‘ভেন্যু স্মারক’ তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, এইচএসবিসির চট্টগ্রামের ব্যবস্থাপক আহমাদ রবিউল হাসান ও ‘প্রথম আলো’র যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
সাজ্জাদ শরিফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই একদিন বাংলাদেশকে পরিচালনা করবে। তাই তোমাদের অনেক কিছু শিখতে হবে ও জানতে হবে। তবে যা-ই শেখো না কেন, বাংলা ভাষা শেখার বিষয়টি মনে রাখবে। বাংলাকে ভালোবাসবে। এই ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে। পৃথিবীর যেখানে যাও, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাবে। তোমরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।’
উৎসবের শেষ পর্বে প্রতিযোগের বিজয়ীদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম বন্ধুসভার সাহিত্য সম্পাদক সঞ্জয় বিশ্বাস। অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—এই চারটি বিভাগে ভাগ করা হয়। প্রত্যেক বিভাগে ১৫ জন করে মোট ৬০ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে সেরাদের সেরা হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া মোবাশ্বেরা। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে অংশ নেবে।