সরকারি দপ্তরসহ সর্বস্তরে বাংলা ভাষা চালু না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা।
গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী শহরের মিজান রোডে জেলা পরিষদের নাট্যাচার্য সেলিম আল দীন মিলনায়তনে ফেনী প্রেসক্লাব আয়োজিত ‘একুশের গল্প আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
ভাষাসৈনিক শামসুল হুদা সব স্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে বলেন, বাংলাকে আরও সাবলীল ও সমৃদ্ধ করা প্রয়োজন। এ ব্যাপারে সবাইকে আন্তরিক ও সচেতন হতে হবে।
ফেনী প্রেসক্লাবের সভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, বখতেয়ার মুন্না, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, ফেনী পোয়েট সোসাইটির সভাপতি ইকবাল চৌধুরী ও প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভাষাসৈনিক শামসুল হুদার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামে।