ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পাবে। এর মধ্যে ওষুধশিল্প অন্যতম অবদান রাখবে।গতকাল মঙ্গলবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জিরাবো এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজীনা এসব কথা বলেন।রাষ্ট্রদূত মজীনা বলেন, বাংলাদেশের ওষুধশিল্প যেভাবে উন্নতি লাভ করছে, তাতে বিশ্বের যেকোনো দেশে রপ্তানি করার মতো যোগ্যতা অর্জন করবে। তিনি আরও বলেন, ‘এদের প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা ও পণ্যের মান নিয়ন্ত্রণ অত্যন্ত ভালো—যা আমি পর্যবেক্ষণে এসে দেখে গেলাম।’এর আগে মজীনা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওষুধ উৎপাদনের প্রক্রিয়াসহ মান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং সংরক্ষণ ও বিতরণব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।পরিদর্শনকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির রাষ্ট্রদূতকে জানান, প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে মানসম্পন্ন ওষুধ প্রস্তুত করে আসছে। ২০০৬ সাল থেকে উৎপাদিত ওষুধ নিয়মিত রপ্তানি হয়ে আসছে। বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে আরও ৩০টি দেশে নতুন করে ওষুধ বাজারজাত করা হবে।