বাংলাদেশ অর্থনৈতিক সমন্বয় সাধনে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ভারত, মিয়ানমারসহ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক সমন্বয় সাধনে আগ্রহী। এ সহযোগিতা তিন দেশের জন্য অভাবনীয় সমৃদ্ধি বয়ে আনবে।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার রাজধানীতে এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (এমএকেএআইএএস) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ (আরডিসি) ও ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় “বাংলাদেশ’স এনগেজমেন্ট উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার” শীর্ষক দুই দিনের এ সিম্পোজিয়ামের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ও মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান। শুভেচ্ছা বক্তব্য দেন আরডিসির চেয়ারপারসন মেজবাহ কামাল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এমএকেএআইএএসের পরিচালক শ্রীরাধা দত্ত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এ অঞ্চলের সম্মিলিত উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশ্বাস করে। ভারতের সঙ্গে বাংলাদেশের এখন সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। আর এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত। তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণের স্বার্থে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের শান্তিপূর্ণ সহাবস্থান ও অনুকূল সম্পর্ক অব্যাহত রাখা জরুরি।
পঙ্কজ সরন বলেন, ভারত ও বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি দুই দেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ উন্মোচিত করেছে। সম্পর্কের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা ও বিতর্ক হতেই পারে। তবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত। তিনি বলেন, ‘আমাদের মাঝে বিভাজন তৈরি করার মতো প্রসঙ্গ খুঁজে বের করা সহজ। কিন্তু আমাদের মাঝে ঐক্যের বন্ধন গড়ে তুলবে এমন প্রসঙ্গ খুঁজে নেওয়াটা কঠিন। আমাদের মাঝে ঐকতান গড়ে তুলবে এমন বিষয়গুলো চিহ্নিত করতে পারলেই এ অঞ্চল সবচেয়ে ভালো অঞ্চল হয়ে উঠবে।’
মিউ মিন্ট থান বলেন, ‘মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত। একই সঙ্গে আমাদের একে অন্যের সামাজিক ও স্থানীয় প্রথা ও সংস্কৃতিকে শ্রদ্ধা করা উচিত।’
উদ্বোধনী অধিবেশনের পর প্রথম কর্ম অধিবেশন সঞ্চালনা করেন মিয়ানমারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গৌতম মুখার্জি। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কৃষ্ণান শ্রীনিবাসন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুনতাসীর মামুন ও ঢাকায় ভারতের উপহাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
মুনতাসীর মামুন বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে তিস্তার পানি বণ্টন চুক্তি, স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন ও সীমান্ত হত্যার মতো বিষয়গুলো সুরাহার ওপর গুরুত্ব দেন।