বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু শুক্রবার
দেশে জ্যোতির্বিজ্ঞান চর্চাকে বেগবান করতে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০১০। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৪ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন পঞ্চমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে।আয়োজকেরা জানান, শুক্রবার চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালের অমৃতলাল দে কলেজ, রংপুরের গাইবান্ধা সরকারি কলেজ এবং সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে একযোগে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার ঢাকার সেন্ট যোসেফ স্কুলে অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগের প্রতিযোগিতা। ঢাকায় একই স্থানে ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মশহুরুল আমিন জানান, চূড়ান্ত পর্বে প্রথমে ২০ জনকে নির্বাচিত করা হবে। এদের মধ্য থেকে পরে ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। এসব প্রতিযোগীকে তিনটি দলে ভাগ করে জ্যোতির্বিদ্যা সম্পর্কে তিন মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হবে। তিনটি দলকেই চলতি বছর বেইজিংয়ে অনুষ্ঠেয় চতুর্থ আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড-২০১০, ইউক্রেনে অনুষ্ঠেয় ১৫তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০১০ এবং ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ষষ্ঠ আন্তর্জাতিক এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড-২০১০-এ পাঠানো হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য মাসুদুল হাসান জায়েদি, শেখ সাহেদ আলী। এবারের অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে সহযোগিতা দিচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।