কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন। জাতিসংঘের একটি অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। বাংলাদেশ আগে কখনো এত সম্মান পায়নি। স্বাস্থ্য, নারী শিক্ষাসহ সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নে গতকাল শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও সৌরবিদ্যুতের বাতি বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধ না করে আইনি লড়াইয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমায় আরেকটা বাংলাদেশ পেয়েছি। ভারতের সঙ্গেও আইনি লড়াই করে আমরা আমাদের সীমানা ঠিক করেছি। আজ যোগ্যতার বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর যেকোনো জায়গায় সম্মানের সঙ্গে শুধু প্রতিনিধিত্বই করেন না, সম্মানও বয়ে নিয়ে আসেন।’
বিএনপিকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি হচ্ছে ডাকাতের পার্টি, চোরের পার্টি। খালেদা জিয়া নিজে এতিমখানার টাকা মেরে দিয়েছেন।’
মন্ত্রী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে সৌরবিদ্যুতের ৪৯৩টি বাতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৫৮০টি কম্বল বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।