বাংলাদেশ আজ ইতিহাস গড়ছে: মজীনা
বাংলাদেশ আজ ইতিহাস গড়ছে, ইতিহাস রচনা করছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সলিডারিটি সেন্টার আয়োজিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে মজীনা এ মন্তব্য করেন। অগ্নি ও ভবন নিরাপত্তা-বিষয়ক কোর্সের আওতায় যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় পোশাক কারখানা-সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেয় সলিডারিটি সেন্টার।
কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ করে মজীনা বলেন, ‘আপনারাই আজ ইতিহাস গড়ছেন, বাংলাদেশ আজ ইতিহাস গড়ছে। এটাই সত্য কথা।’ তিনি বলেন, ‘আপনারাই বাংলাদেশের পোশাক খাতের রূপান্তরের মূল পাথেয়। রানা প্লাজার ধস ও তাজরীনের অগ্নি দুর্ঘটনার মতো দুর্যোগ যাতে আর না ঘটে, সেই লক্ষ্যেই এ আয়োজন।’
মজীনা মনে করেন, শ্রমিকদের কর্মস্থল শক্তিশালী ও কার্যকর স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিক সংগঠনকে এসব কমিটিকে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতকল্পে শ্রমিকদের সঙ্গে মালিক ও সুপারভাইজারদের একটি কার্যকর অংশীদারত্ব সম্পর্ক তৈরিতে শক্তিশালী, একতাবদ্ধ ও স্পষ্ট কণ্ঠস্বর প্রয়োজন।’
মজীনা আশা প্রকাশ করেন, শ্রমিক ও ব্যবস্থাপনামণ্ডলীর অংশীদারত্বের সাফল্য ‘ব্রান্ড বাংলাদেশকে’ আন্তর্জাতিক পোশাকের বাজারে একটি উচ্চমানের, আকর্ষণীয় ও এক নম্বর পোশাক প্রস্তুতকারী ব্রান্ডে পরিণত করবে।
শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘আর কোনো মিনি তাজরীন কিংবা রানা প্লাজার মতো ঘটনা যেন না ঘটে, সে জন্য সরকার জিরো টলারেন্সে আছে।’ তিনি মনে করেন, পোশাক খাতের আগুন প্রতিরোধে এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রয়োজন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমদ খান, সলিডারিটি সেন্টারের এ-দেশীয় কর্মসূচি পরিচালক আলঞ্জো সুসন, অগ্নি নিরাপত্তা পরামর্শক সেলিম নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।