বাংলাদেশ আজ এক সম্প্রীতির দেশ: তারানা হালিম

‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশ আজ এক সম্প্রীতির দেশে পরিণত হয়েছে। এখানে আজ মানুষের মধ্যে ভেদাভেদ নেই। সব মানুষ আজ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে। ধর্ম পালনের অধিকার রয়েছে সবার।
আজ শনিবার বিকেলে কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সত্যজিৎ রায় মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেছেন তারানা হালিম।
তারানা হালিম বলেন, বাংলাদেশে রাজনীতির হাতিয়ার হিসেবে ধর্ম ব্যবহার হয় না। এখানে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই তো আজ বাংলাদেশ বিশ্বের বুকে এক সম্প্রীতির দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে।
তারানা হালিম বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ এক সম্প্রীতির দেশ হিসেবে পরিণত হচ্ছে। বলেন, স্বল্প আয়ের দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে।
এই সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি উৎসমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, সত্যিই আজ বাংলাদেশ সম্প্রীতির দেশে পরিণত হয়েছে। আজ বাংলাদেশ না হলে গোটা বিশ্বে বাংলা ভাষার এত কদর হতো না। শোভনদেব আরও বলেন, ‘ধর্ম আমাদের সম্প্রীতির কথা শোনায়। ঘৃণার কথা শোনায় না।’
সেমিনারে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। স্বাগত ভাষণ দেন কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল।
এই সেমিনারের আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। আর সহযোগিতায় রয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। সেমিনারের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।