বাংলাদেশ আমার প্রিয় জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ আমার প্রিয় জায়গা। এখানে আসতে পারলে নিজেকে ধন্য মনে করি। আমি মুগ্ধ। আপনাদের সকলের প্রতি রইল অশেষ ভালোবাসা।’এই প্রতিক্রিয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায় সংক্ষেপে এভাবেই তিনি অনুভূতি প্রকাশ করেন। অমর্ত্য সেন বলেন, ‘আমার সঙ্গে ঢাকা ও মানিকগঞ্জের যোগাযোগ অনেক বড়। অনেক বড় সম্পর্ক। মানিকগঞ্জের সঙ্গে আমার এই সম্পর্ক পরিষ্কার করে তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞ। আমি এখানে এসে মুগ্ধ।’বাঙালি এই বরেণ্য অর্থনীতিবিদের পূর্বপুরুষের বসবাস ছিল ঢাকার মানিকগঞ্জে। তিনি ১৯৩৩ সালে কলকাতার শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেনকে একপলক দেখা ও তাঁর একটু কথা শোনার জন্য দীর্ঘ সময় অতিথিরা অপেক্ষা করেন। মাত্র এক মিনিটেই তিনি অনুভূতি প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং গুণীজনেরা অমর্ত্য সেনকে ফুলেল শুভেচ্ছা জানান। সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ অমর্ত্য সেনের উদ্দেশে মানপত্র পাঠ করেন।প্রধান অতিথির বক্তব্যে কবীর চৌধুরী বলেন, ‘অনেক শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ অমর্ত্য সেন। তাঁকে আমরা আন্তরিক সুহূদ বলে জ্ঞান করি। তিনি অর্থনীতির ক্ষেত্রে নতুন চিন্তার আলো আমাদের সামনে তুলে ধরেছেন। তাঁর সাহিত্য ও অর্থনীতির লেখা দুটোতেই মানবিকতা কাজ করে।’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমরা কর্মের মধ্যেও রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনকে কাজে লাগানোর চেষ্টা করছি। অমর্ত্য সেন আমাদের দার্শনিক পটভূমির সবচেয়ে বড় কারিগর।’মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, সুধীর চন্দ্র দাস, বজলুর রশীদ ও রওশন আরা বেগম। অনুষ্ঠান শেষে দুপুরে অমর্ত্য সেন ঢাকা ক্লাবে মধ্যাহ্নভোজে যোগ দেন এবং সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।