বাংলাদেশ আর গরিবের দেশ থাকবে না: পরিবেশ মন্ত্রী

পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সরকার লক্ষ্য নির্ধারণ করেছে, বাংলাদেশ আর গরিবের দেশ থাকবে না। আগে প্রতিদিন বাড়িতে বাড়িতে অনেক ভিক্ষুক আসত। এখন সারা দিনে বাড়িতে একজন ভিক্ষুকও দেখা যায় না। কারণ সরকার তাদের সাহায্য সহযোগিতা করছে। ফলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে।’
আজ শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এ অনুষ্ঠানে এ কথা বলেন পরিবেশমন্ত্রী। উপজেলা পরিষদ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুস্থদের মধ্যে ঢেউটিন, সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
পরিবেশ মন্ত্রী বলেন, ‘বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজন যারা ভিক্ষা করতেন। তাদের আর্থিক সহায়তা, ৩০ কেজি করে চাল ও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এই কারণে তারা এখন এই পথ ছেড়ে দিয়েছেন।’
উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ৯ লাখ ২০ হাজার টাকার অনুদান থেকে ৩৭ জনকে ঢেউটিন, ২০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯ জনকে আর্থিক অনুদান ও ১২জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ২টি মসজিদকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক, ১টি মন্দিরে ২০ হাজার টাকার চেক, পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ১১৭ জনকে ৫ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী তাওহিদ মনোয়ার পঞ্চম স্থান অধিকার করায় পরিবেশ মন্ত্রী তার হাতে ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেন।