বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার দশক আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিলেন ‘একটি তলাবিহীন ঝুড়ি’। তাঁর দেশেরই সর্বাধিক প্রচারিত দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। খবর বাসসের।গত বুধবার প্রকাশিত এক নিবন্ধে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ‘বহির্বিশ্বের কাছে বাংলাদেশ মানেই বোঝাত রাজনৈতিক সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, উগ্র সহিংসতা আর হরহামেশা সামরিক অভ্যুত্থান। প্রায় ৩৯ বছর আগে চরম আশাবাদী ব্যক্তিও তুলনামূলকভাবে স্থিতিশীল ও সমৃদ্ধ পাকিস্তানের বদলে বন্যাপ্রবণ ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পক্ষে বাজি ধরতে চাইত না।’ ওয়াল স্ট্রিট জার্নাল-এর কলাম লেখক সদানন্দ ধুমি লিখেছেন, ‘কিন্তু উচ্চ প্রবৃদ্ধি হার, নিম্ন জন্মহার এবং অধিকতর প্রতিযোগিতামূলক অর্থনীতির মাধ্যমে একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন সমৃদ্ধ দেশ হতে চলেছে।’সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনন্দন জানানোর কয়েক দিন পর ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রায় এক হাজার শব্দের এ নিবন্ধ প্রকাশিত হলো।ওয়াল স্ট্রিট জার্নাল আরও লিখেছে, কয়েক বছর ধরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার প্রতিবছর ৬ শতাংশের কাছাকাছি। গত বছর এক হাজার ২৩০ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটি। এ ক্ষেত্রে চীন, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের পরই দেশটির অবস্থান। এসব নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে।