বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

‘বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না; বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এদেশে অর্জন এনে দিয়েছে। কেউ আমাদের এখন অবহেলার চোখে দেখে না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে গতকাল সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
১৯৪৯ সালের এদিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে মুসলিম আওয়ামী লীগ গঠন করা হয়। পরে ১৯৫৫ সালে আওয়ামী লীগ নাম ধারণ করে দলটি।
শেখ হাসিনা বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। আওয়ামী লীগ যখন যেখানে থেকেছে বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। বাংলার মানুষের অধিকার আদায় করেছে। তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের নেতৃত্বেই ৯০-এ এরশাদ সরকারের পতন ঘটিয়েছি। ৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়ার পতন ঘটিয়েছি।’

আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, যেই ইতিহাস দেখুক আওয়ামী লীগের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের ত্যাগ-তিতিক্ষা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় প্রয়াত আওয়ামী লীগ নেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হকসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এ দেশের অর্জন এনে দিয়েছে। আওয়ামী লীগ শুধু স্বাধীনতা এনে দেয়নি, অর্থনৈতিক মুক্তিও এনে দিয়েছে। আজকে দারিদ্র্যের হার ২২ শতাংশের নিচে নেমে এসেছে। আমাদের দায়িত্ব আরও তিন বছর সাত মাস আছে। এর মধ্যে দারিদ্র্যের আরও কমিয়ে নিয়ে আসব।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করব। শিক্ষা-দীক্ষা স্বাস্থ্যসেবা জনগণের দোর-গোড়ায় পৌঁছে দিচ্ছি। বিনা পয়সা বই দিচ্ছি। আমরা এই দেশকে গড়ে তুলতে চাই, একটি প্রযুক্তিসম্পন্ন জাতি হিসেবে। অনলাইনে বিভিন্ন জিনিসের সুবিধা পাচ্ছে মানুষ।’ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লেখাপড়া শিখতে হবে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’
আলোচনা সভায় বক্তব্যের শুরুতে শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ৩৪ বছর নেতৃত্ব দিয়ে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। স্বজন হারানোর ব্যথা ভুলে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের কর্মী বাহিনী ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ থামিয়ে রাখতে পারবে না।’
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বাবা সৈয়দ নজরুল ইসলামের একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, জীবনে তারা বেইমানি করেন নাই, নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন। আওয়ামী লীগের সবাই মোশতাক হয় নাই। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁরা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের ৬৬ বছরের ইতিহাসে ৩৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে ৩৪ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি যেন নেতৃত্ব দিয়ে যেতে পারেন, আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি। তাঁর কাজ এখনো শেষ হয়নি। তাঁর মতো ত্যাগ-তিতিক্ষা বাংলাদেশে আর কারও নাই।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী স্থপতি মোশাররফ হোসেন, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। সভা পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
এর আগে গতকাল নয়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত হন। সেখানে ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিভিন্ন স্লোগান দেন। পরে
সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীগণ এবং দলীয় সংসদ সদস্যবৃন্দ এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী দলীয় নেতা কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ, ইডেন কলেজ শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ ছাড়া আওয়ামী লীগের সব জেলা শাখায়ও নানান কর্মসূচির মাধ্যমে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় বলে খবর পাওয়া গেছে।