বাংলাদেশ আরও শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। বাংলাদেশ জাতিসংঘের আহ্বানে আরও বেশি শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত। গতকাল সোমবার জাতিসংঘের ৭০ তম সাধারণ অধিবেশনে শেখ হাসিনা তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সময় বিকেল তিনটায় নিউইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের শান্তি রক্ষা সম্মেলন শুরু হয়। সভাপতিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা এতে অংশ নেন। শান্তি রক্ষার বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান তাঁরা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি ও নাগরিক নিরাপত্তার জন্য সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর নারী কর্মীদের পাঠাতেও আমরা প্রস্তুত। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত নারীদের নিরাপত্তা ইস্যুতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। শান্তি মিশনে যেকোনো ধরনের যৌন হয়রানির বিষয়েও বাংলাদেশের অবস্থান কঠোর বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘের আহ্বানে শান্তি রক্ষা উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ সব সময় এগিয়ে থাকতে চায় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বব্যাপী নারী-পুরুষদের সমতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। অন্যথায় বিশ্ব শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে শান্তিরক্ষা মিশনে বিশ্বের ১৯৩টি সদস্য দেশ থেকে শান্তি রক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন এক লাখ ছয় হাজার ৫০৬ জন। চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় নয় হাজার ৪৩৪ জন নিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে আট হাজার ৪৫০ জন নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। তৃতীয় স্থানে অবস্থানকারী উপমহাদেশের অন্যতম জনবহুল দেশ ভারত। তাঁদের আট হাজার শান্তি রক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, আজকে বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে সবার সমন্বিত উদ্যোগ ছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সর্বদা শান্তির পক্ষে। বিশ্ব শান্তি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সব উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এবারের অধিবেশনে বিশ্ব নেতাদের বক্তব্যে প্রাধান্য পায় সিরিয়া ও শরণার্থী ইস্যু। অধিবেশনের শুরুতেই জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়া সংকটের বিষয়টি, আন্তর্জাতিক আদালতে উপস্থাপনের আহ্বান জানান। রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও ইরান এ ব্যাপারে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে পারতো বলেও তিনি মন্তব্য করেন।