পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষ আশা করে, তিস্তার পানি বণ্টন চুক্তি শিগগিরই হবে। গতকাল রোববার রাতে কলকাতার একটি হোটেলে মাদার তেরেসা আন্তর্জাতিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সামাজিক আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে দীপু মনিকে মাদার তেরেসা আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও বিচারপতি শ্যামল সেন। দীপু মনির হাতে তিনি সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিমসহ কলকাতার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অ্যান্থনি অরুণ বিশ্বাস। এর আগে ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই সংস্থা ‘মাদার তেরেসা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছিল।