বাংলাদেশ উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের বিতাড়িত করছে: বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সে দেশে লুকিয়ে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের বিতাড়ন করতে অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিএসএফের ওই কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, ‘আমরা জেনেছি, বাংলাদেশে গোপন শিবিরে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করে দিতে দেশটি অভিযান শুরু করেছে। সময়ে সময়ে এসব তথ্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিনিময় করেছে বিএসএফ।’
বিজিবি ও বিএসএফের আঞ্চলিক কমান্ড পর্যায়ে চার দিনের সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার কলকাতায় ওই সম্মেলন শেষ হয়েছে।
বিএসএফের কর্মকর্তারা জানান, ওই সম্মেলনে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা জঙ্গিদের ৩৯টি শিবিরের তালিকা দেয় বিজিবিকে। সেগুলো উচ্ছেদ করে জঙ্গিদের গ্রেপ্তারে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়।