সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার একটি জরিপ সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের চেয়ে নিরাপদ দেশ। গতকাল সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের উন্নয়ন ও অর্জন বিস্ময়কর। মাত্র কয়েক বছর আগে এ দেশের মানুষের মাথাপিছু আয় ৪০০ ডলারও ছিল না। আর এখন তা দাঁড়িয়েছে ১৩১৪ ডলারে। আর রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার। দেশে গত কয়েক বছরে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। দারিদ্র্যের হার কমে ২৩ শতাংশে নেমে এসেছে এবং সাক্ষরতার হার বেড়ে ৬১-৬২ শতাংশ হয়েছে। তিনি বলেন, এসব উন্নয়ন ও অগ্রগতির একমাত্র কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তাঁর যোগ্য নেতৃত্বে গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে, তা বিগত ৪০ বছরেও হয়নি।