বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোলমডেল: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ক্ষমতা গ্রহণের পর এই নেতিবাচক ভাবমূর্তি পরিবর্তন করে ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে এনেছি। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।’

আজ রোববার বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতা গ্রহণের আগে বাংলাদেশ সন্ত্রাস-জঙ্গিবাদ আর ফেইলরদের দেশ হিসেবে পরিচিত ছিল। এখন আর সেই অবস্থা নেই।’ তিনি বলেন, ‘বিজয়ী জাতি কারও কাছে মাথা নত করে না। তারা মাথা উঁচু করে বাঁচে। আমরাও বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকব। বাংলাদেশ এখন আর সন্ত্রাসী জঙ্গিবাদীদের রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোলমডেল। জাতিসংঘও এটি স্বীকার করেছে।’

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। যে যে যার যার ধর্ম পালন করবে। এখানে কেউ বাধা দেবে না। সব ধর্মেই আছে অন্য ধর্মের ওপর আঘাত দেওয়া যাবে না। আমাদেরও ধর্মেও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, অন্য ধর্মের ওপর আঘাত না করার জন্যে। সব ধর্মেই মানবতাকে সবকিছুর ওপর জায়গা দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে সব ধর্ম-বর্ণের সম-অধিকার নিশ্চিত করেছি। শারদীয় উত্সব হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। এখনো পর্যন্ত এটা শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা সবাই মিলে এই উৎসব পালন করছি। এটাই স্বাধীন বাংলাদেশের চেতনা। তবে কেউ কেউ ইচ্ছা করে বিশৃঙ্খলা করতে চায়। কিন্তু সেটা কোনো ধর্মেই সমর্থন করে না।’

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে বর্তমান সরকার কাজও করে যাচ্ছে। যার ফল আপনারা পেয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।