বাংলাদেশ এখনো সহযোগিতা নিয়েছে বলে তথ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেছেন। তবে বাংলাদেশ এখনো কোনো ধরনের সহযোগিতা চেয়েছে বা গ্রহণ করেছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি গত শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলাপের সময় বাংলাদেশ কর্তৃপক্ষ কী ধরনের সহযোগিতা চেয়েছে এবং যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে?
এর জবাবে মুখপাত্র কারবি বলেন, ঢাকার হামলার ঘটনার পর জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন করে সহযোগিতা ও পাশে থাকার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র সব সময় সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াইয়ে সহযোগী দেশগুলোর পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
এদিকে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে শোকবার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।