বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বের সর্বোচ্চ দুটি সংসদীয় ফোরামে জয়ী হয়ে বাংলাদেশের সংসদ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক ব্রিফিংয়ে শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী।
আইপিইউর নতুন প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী
গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রশ্নে স্পিকার বলেন, ‘কারও সঙ্গে বাংলাদেশের কোনো সংকট আছে বলে আমি মনে করি না। সংকট থাকলে বাংলাদেশ জিতত না। তারা আমাদের ভোট দিয়ে সংসদের প্রতি আস্থা প্রকাশ করেছে। এতে প্রমাণ হয় বাংলাদেশের গণতন্ত্র ও সরকারের ওপর বিশ্ব নেতৃবৃন্দের আস্থা আছে। এ বিজয় বাংলাদেশের। এখন আমাদের খণ্ডিতভাবে না দেখে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।’
ব্রিফিংয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিইউ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বিশ্বের ১৮৫টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। বাংলাদেশ এখন তাদের নেতৃত্ব দিচ্ছে। এই সুযোগ দেশের পররাষ্ট্রনীতিতে কাজে লাগালে বাংলাদেশ লাভবান হবে।
বিকেল চারটায় স্পিকার শিরীন শারমীন চৌধুরী বিমানবন্দরে এসে পৌঁছেন। এর আগে সকালে দেশে আসেন সাবের হোসেন চৌধুরী। পরে তিনি ব্রিফিংয়ে যোগ দেন।