প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি যতই সক্রিয় থাকুক, কেউ আমাদের দাবিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।’
গতকাল শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনা এসব কথা বলেন।
‘৭ মার্চের ভাষণ: বিশ্ব-ইতিহাসে স্বাধীনতার শ্রেষ্ঠ ভাষণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক শহীদুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শেখ হাফিজুর রহমান ও মাশুরা হোসেন। অনুষ্ঠানে অধ্যাপক সালাহউদ্দিন আহমদ এবং শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন।
সেমিনারে শেখ হাসিনা আরও বলেন, ‘৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, “আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না”। দেখুন, কথাটা কতটা সত্য! বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।’
শেখ হাসিনা বলেন, ‘এ কথা ভুললে চলবে না, স্বাধীনতার শত্রুরা এখনো সক্রিয়। তবে সব বাধা অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। ’ তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণটি পৃথিবীর ইতিহাসের অনন্য এ কারণে যে এটি কোনো লিখিত ভাষণ ছিল না। ভাষণটি এতবার শোনা হয়েছে, তবুও পুরোনো হয় না। ৪৩ বছর ধরে কত ঘণ্টা, কত মিনিট ধরে মানুষ এই ভাষণটি শুনেছে, তার সঠিক হিসাবও কেউ কখনো দিতে পারবে না। পৃথিবীর আর কোনো ভাষণ এত দীর্ঘ সময় ধরে তার আবেদন ধরে রাখতে পারেনি।’
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু প্রতিটি পদক্ষেপ নিয়েছেন হিসাব করে, যাতে বাঙালিদের বিচ্ছিন্নতাবাদী হিসাবে কেউ চিহ্নিত করতে না পারে। এটা করতে সমর্থ হলে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেত না। এ জন্য তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে এগিয়ে গেছেন।