বাংলাদেশ এগোলেও রাজনৈতিক অবস্থান আগের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলেম ফন শ্যান্ডেল
উইলেম ফন শ্যান্ডেল

এশিয়া মহাদেশের আন্তযোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ প্রাণকেন্দ্রে অবস্থান করছে। এ জন্য নতুন করে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন আমস্টারডাম ইউনিভার্সিটির অধ্যাপক উইলেম ফন শ্যান্ডেল।
হল্যান্ডের খ্যাতনামা ইতিহাস ও নৃতত্ত্ববিদ উইলেম ফন শ্যান্ডেল আরও বলেছেন, বিশ্বায়নের প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে একটি ইতিবাচক পরিচিতি বাংলাদেশ তুলে ধরতে পেরেছে। এ দেশের মানুষের পোশাক দেখলেই বোঝা যায় বাংলাদেশ কতটা উন্নতি করেছে। ১৯৭৪ সালে আমি যখন প্রথম বাংলাদেশে আসি তখন এমনটা ছিল না। উন্নতির মাপকাঠি বিচার করলে তখন বাংলাদেশের অবস্থান ছিল অনেক নিচে। তবে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেলেও রাজনৈতিক অবস্থান বাংলাদেশের আগের মতো রয়েছে।
গতকাল রোববার রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনির্ভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ‘বিশ্বায়নের পৃথিবীতে আত্মপরিচয়: বহুমাত্রিকতা, রূপান্তর ও প্রতিকূলতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি এ কথা বলেন।
সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যাবিষয়ক তিন দিনের এই সম্মেলনের আয়োজন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) গবেষণাকেন্দ্র সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ (সিএসএসআর)। ‘ইন্টার কানেকটেড এশিয়া’ শীর্ষক এই প্রবন্ধ উপস্থাপনের সময় বাংলাদেশকে এশিয়া মহাদেশের ‘প্রাণ’ হিসেবে উল্লেখ করে অধ্যাপক ভন শ্যান্ডেল। তিনি বলেন, ‘অতীতে এশিয়া বলতে একটি অঞ্চলকে বোঝানো হতো। কিন্তু এশিয়া মহাদেশ যোগাযোগের কারণে ভূখণ্ডের বাইরেও বিস্তৃত। আর বাংলাদেশ বিশাল এশিয়ার যোগাযোগের কেন্দ্রস্থলে অবস্থিত।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং সিএসএসআরের পরিচালক অধ্যাপক জাকির হোসেন। এর আগে ২৩ আগস্ট আইইউবির স্থায়ী ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এইচইকিউইপি প্রকল্পের সহযোগিতায় সম্মেলনে দেশ বিদেশের সামাজিক বিজ্ঞান গবেষকদের ৬৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ সম্মেলন আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রান্সকম গ্রুপ।