বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ৪টি চুক্তি সই

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে আজ বুধবার উন্নয়ন সহযোগিতামূলক চারটি চুক্তি সই হয়েছে। বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং সড়ক যোগাযোগবিষয়ক এই চুক্তিগুলো স্বাক্ষরের ফলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পরে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। শেখ হাসিনা ও কুয়েতের প্রধানমন্ত্রীর উপস্থিতেই দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা চুক্তিতে সই করেন।
প্রথমেই সই হয় বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি। কুয়েতের শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী বদর আহমদ আল ইসা এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ‘দ্য অ্যাগ্রিমেন্ট ফর দ্য প্রমোশন অ্যান্ড রিসিপ্রোকাল প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট’ শীর্ষক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এরপর সই হয় কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজীকরণ-সংক্রান্ত চুক্তি। কুয়েতের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এবং রাষ্ট্রদূত খালেদ সুলায়মান আল জারাল্লাহ এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান ‘দ্য অ্যাগ্রিমেন্ট অন মিউচুয়াল এক্সপ্রেশন অব প্রাইয়র এন্ট্রি ভিসা ফর হোল্ডারস অব ডিপ্লোম্যাটিক, স্পেশাল অ্যান্ড অফিশিয়াল পাসপোর্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক খাতে প্রশিক্ষণ এবং অন্যান্য সহযোগিতা চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন কুয়েতের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এবং রাষ্ট্রদূত খালেদ সুলায়মান আল জারাল্লাহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। সবশেষে স্বাক্ষরিত হয় ঋণসহায়তা চুক্তি। ‘বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর লেবুখালী সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে কুয়েতের আরব অর্থনৈতিক উন্নয়ন ফান্ডের (কেএফএইডি) সঙ্গে স্বাক্ষরিত এ ঋণচুক্তিতে সই করেন কেএফএইডির মহাপরিচালক আবদুল ওয়াহাব আল-বাদল এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মাহমুদা বেগম।
এটি পায়রা ব্রিজ প্রকল্প নিয়ে দ্বিতীয় ঋণচুক্তি। এই চুক্তির আওতায় কুয়েতের ফান্ডের পরিমাণ ১৫ মিলিয়ন কুয়েতি দিনার বা ৫০ মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ। এর আগে ২০১২ সালের মার্চ মাসে কেএফএইডির সঙ্গে আরেকটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়, যাতে কুয়েতি ফান্ডের পরিমাণ ছিল ১৪ মিলিয়ন কুয়েতি দিনার বা প্রায় ৪৮ মিলিয়ন ডলার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ ডিভিশনের আওতাধীন সড়ক ও জনপথ দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মুখ্য উদ্দেশ্য পায়রা নদীর ওপর লেবুখালীতে বরিশাল-পটুয়াখালী সড়কে ১ হাজার ৪৭০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা। এই সেতু তৈরি হলে সরাসরি রাজধানীর সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ স্থাপিত হবে। ফলে পায়রা সমুদ্রবন্দর এবং দেশের অন্যতম বৃহৎ পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।