ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙ আগামী দিনে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি দুই দেশের চলমান সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব পরীক্ষিত।’ আজ রোববার সোনারগাঁও হোটেলে ১৪ দলের অন্যতম শরীক সাম্যবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘সবার সহযোগিতা পেলে আমি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর ও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে অবদান রাখতে পারব।’ বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে দুই দেশ একত্রে কাজ করার ক্ষেত্রে রাষ্ট্রদূত তাঁর অবস্থান থেকে সহযোগিতা করার কথাও বলেন। তিনি বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমার (বিআইসিএম) সংযুক্তির (কানেকটিভিটি) গুরুত্ব তুলে ধরেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর ও নতুনত্ব লাভ করবে বলে আশা প্রকাশ করে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে গভীর ও উষ্ণ সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত বন্ধু। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও দুই দেশের উন্নয়নে উভয় দেশের চমৎকার সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন যে তাঁর শাসন আমলে দেশে জঙ্গি নির্মূল হয়েছে, সেই মুহূর্তে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে চায় যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে।’
বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের কথা তুলে ধরে তোফায়েল বলেন, ‘চীন আমাদের অনেক বড় ব্যবসায়িক অংশীদার।’
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার টেলিফোনালাপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলেছেন। তার প্রথম লাশটি পড়েছে সেদিন। তিনি বলেন, যারা ঘোষণা দিয়ে অবৈধ সরকারকে আনতে চায়, আর যা-ই হোক, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিদেশিদের দিকে তাকিয়ে আছে একটা গোষ্ঠী। কারও কথায় সংলাপ হবে না। যদি সংলাপ হয়, তা হবে ২০১৯ সালে, নির্বাচন কমিশনের সঙ্গে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ১৪ দলের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।