ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙ ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি দুই দেশের চলমান সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব পরীক্ষিত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৪ দলের অন্যতম শরিক সাম্যবাদী দলের পক্ষ থেকে গতকাল রোববার চীনের রাষ্ট্রদূতকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘সবার সহযোগিতা পেলে আমি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর ও ঘনিষ্ঠ করার ক্ষেত্রে অবদান রাখতে পারব।’ বাংলাদেশের সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে দুই দেশের একত্রে কাজ করার ক্ষেত্রে তিনি তাঁর অবস্থান থেকে সহযোগিতা করার কথাও বলেন। তিনি বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমার (বিআইসিএম) কানেকটিভির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সরকারের পক্ষ থেকে সব রকম সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন যে তাঁর শাসন আমলে দেশে জঙ্গি নির্মূল হয়েছে, সে মুহূর্তে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে চায় বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে।’ বাংলাদেশ ও চীনের সুসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘চীন আমাদের অনেক বড় ব্যবসায়িক অংশীদার।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং ১৪ দলের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।