বাংলাদেশ ও জার্মানি সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও শক্তিশালী ও সম্প্রসারণ করতে বাংলাদেশ ও জার্মানি ঘনিষ্ঠভাবে কাজ করবে।
গত শুক্রবার বার্লিনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পররাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার দুই দিনের সফরে জার্মানি যান। এ সফরের সময় তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সে দেশের পার্লামেন্ট বুন্দেসতাগে ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম প্রধান শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ও এসপিডির আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ক কমিশনের চেয়ারপারসন নিয়েলস আনেনের সঙ্গে বৈঠক করেন।
ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মাহমুদ আলী বিশ্বব্যাংকের প্রতিবেদনের উল্লেখ করে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক অগ্রযাত্রার কথা বলেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করার সুযোগ কাজে লাগাতে জার্মানির প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
দুই পররাষ্ট্রমন্ত্রী তাঁদের আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের ইউরোপের শরণার্থী ও অভিবাসন-সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসন ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে অভিবাসন ও লোকজনের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া নিয়মতান্ত্রিক করার বিষয়ে তাঁরা জোর দেন।
হামবুর্গ শহরের মধ্য দিয়ে মাহমুদ আলী গত বৃহস্পতিবার তাঁর জার্মান সফর শুরু করেন। ওই দিন তিনি সেখানকার জার্মান-এশিয়া প্যাসিফিক বিজনেস কমিউনিটির (ওএভি) এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন। এ ছাড়া তিনি হামবুর্গের ফার্স্ট মেয়র ওলাফ শোলজের সঙ্গে দেখা করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধিদলের পক্ষ থেকে পাটের সৃজনশীল ও বহুমাত্রিক ব্যবহার নিয়ে আলোচনা হয়। সুইডেনের দুই নারী উদ্যোক্তা তাঁদের পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশে যৌথ বিনিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান। এ ছাড়া ওএভির পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগির তাদের তথ্যপ্রযুক্তির খাতের এক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।