ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ ও নেপাল থেকেই সবচেয়ে বেশি লোক ভারতে পাচার হয়। এতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভারত এই মানব পাচার রুখতে ও পাচারকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছে। খবর বিবিসি বাংলা ও আইএএনএসের।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বুধবার মানব পাচার নিয়ে এক জাতীয় সম্মেলন উদ্বোধন করতে গিয়ে রাজনাথ সিং ওই দাবি করেন। রাজনাথ বলেন, মানব পাচার এমন এক সংগঠিত অপরাধ, যা সীমান্তের বাধা মানে না। ভারত একাই এই মানব পাচারের শিকার নয়, কেননা এটি একটি বৈশ্বিক ইস্যু।
রাজনাথ এ সময় মানব পাচারকারীদের রুখতে এবং পাচারে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য বিনিময় করতে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, নেপালের সঙ্গেও অনুরূপ সমঝোতা স্মারক সইয়ের আশা করছে ভারত।
সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অগ্রাধিকার হবে পাচারকারীদের শাস্তি দেওয়া এবং সেই সঙ্গে পাচার হওয়া ব্যক্তিদের উদ্ধার। সবচেয়ে বড় কথা তাদের পুনর্বাসন।’
মানব পাচারের ঘটনা খুব শিগগিরই অনেক কমিয়ে আনা যাবে বলে আশাবাদ প্রকাশ করেন রাজনাথ। তিনি জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইউনিটটি মানব পাচাররোধে কাজ করে তা আরও শক্তিশালী করা হবে।