বাংলাদেশ ও নেপাল ভারতের চেয়ে শান্তিপূর্ণ দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের বিশ্বশান্তি সূচক (জিপিআই) অনুযায়ী, নেপাল ও বাংলাদেশ ভারতের চেয়ে শান্তিপূর্ণ দেশ। আর বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। গতকাল বুধবার এই সূচক প্রকাশ করা হয়। বিশ্বের ১৫৮টি দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্ব বেশ শান্তিপূর্ণ ছিল।ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশ করা সূচক অনুযায়ী, গত বছরও বিশ্বের শান্তিপূর্ণ দেশের শীর্ষে ছিল আইসল্যান্ড। বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে এ বছর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। চতুর্থ স্থানটি দখল করেছে কানাডা। পঞ্চম স্থানে রয়েছে জাপান। এই সূচকে বাংলাদেশের স্থান হয়েছে ৯১ নম্বরে। এ ছাড়া তালিকায় ভুটান ১৯, যুক্তরাজ্য ২৯, নেপাল ৮০, ভারত ১৪২ ও পাকিস্তান ১৪৯তম স্থানে রয়েছে। তালিকার সবশেষে রয়েছে সোমালিয়া।জিপিআইয়ে এবার পাঁচটি দেশের বিচ্যুতি হয়েছে। দেশগুলো হলো: সিরিয়া, মিসর, তিউনিসিয়া, ওমান ও মালাওয়ি। বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য। শান্তিসূচকে উন্নতি করার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ভুটান, গিনি ও ফিলিপাইন।জিপিআইয়ে ২৩টি নির্দেশক ব্যবহারের মাধ্যমে ১৫৮টি দেশের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করা হয়েছে। দেশগুলোতে সামাজিক নিরাপত্তা পরিস্থিতির মাত্রা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত প্রভৃতি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। গার্ডিয়ান অনলাইন।