বাংলাদেশ ও ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির দ্বারপ্রান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে গতকাল শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনের বৈঠকে ছিটমহল বিনিময় এবং উলফা নেতা অনুপ চেটিয়াকে প্রত্যর্পণের বিষয় গুরুত্ব পেয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, বন্দী প্রত্যর্পণসংক্রান্ত একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ ও ভারত। চুক্তি হলে অনুপ চেটিয়াকে হস্তান্তর-প্রক্রিয়া সহজ হবে। অন্যদিকে বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেহ উদ্দীনকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত উদ্যোগী হবে। তিনি ভারতে পলাতক রয়েছেন বলে ধারণা করা হয়। বৈঠকে ওই প্রত্যর্পণ চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে গতকাল একজন কর্মকর্তা জানান, ওই চুক্তি সম্পাদনের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উভয়পক্ষ চুক্তির খসড়া বিনিময় করবে এবং তাতে সংশোধনের প্রয়োজন থাকলে তা শিগগির করা হবে।এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায়, সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জটিলতা অবসানে আলোচনা করতে এ বিষয়ে গঠিত যৌথ টেকনিক্যাল কমিটি সোমবার বৈঠকে বসবে। বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মনজুরুল ইসলাম ও ভারতের স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নে অগ্রগতি এবং প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া এর আগের বৈঠকে নেওয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত, বাউন্ডারি এগ্রিমেন্ট, ল্যান্ড বাউন্ডারি প্রটোকল বাস্তবায়ন, তিনবিঘা করিডর, সীমান্তে গোলাগুলি বন্ধ, দুই দেশের বন্দী পরিস্থিতি ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সামর্থ্য বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।ভারত-বাংলাদেশ আলোচনায় এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে ছিটমহল বিনিময়ের বিষয়টি। ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি আর বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। ছিটমহলগুলো বিনিময়ের দাবিতে উভয় দেশে গঠিত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাসস ও পিটিআই।