ভারত ও পাকিস্তানের মধ্যে ‘পানি নিয়ে যুদ্ধে’ চীনও অংশ নিয়ে ব্রহ্মপুত্র নদের পানি বন্ধ করে দিতে যাচ্ছে, এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে, বরং পানির ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতার একটি ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী বেইজিং।
চীনে রাষ্ট্রপরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, ‘কল্পিত পানিযুদ্ধের’ কারণে ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। বেইজিং ব্রহ্মপুত্র নদের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে বলে মনে হয় না।
নিবন্ধে আরও বলা হয়, পানির ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতায় যোগ দিতে আগ্রহী চীন। প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। কেননা, নদীর পানির ভাগাভাগি নিয়ে চীন ও ভারতের মধ্যে কোনো চুক্তি নেই।
নিবন্ধে বলা হয়, চীন ব্রহ্মপুত্রের পানি ভারতে প্রবাহের পথ বন্ধ করে দিয়েছে, এমন প্রতিবেদন নিয়ে ভারতের মানুষের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। ব্রহ্মপুত্র চীন থেকে ভারত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
গ্লোবাল টাইমস-এর নিবন্ধে আরও বলা হয়, ড্যাম নির্মাণ করার জন্য ব্রহ্মপুত্রের পানিপ্রবাহে স্বল্প সময়ের জন্য বাধা সৃষ্টি করা হয়েছে। এর ফলেই ভারতের জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ড্যামের কারণে বার্ষিক পানিপ্রবাহের শূন্য দশমিক শূন্য ২ শতাংশ বাধাগ্রস্ত হবে। এই প্রকল্পের কারণে ভারতের অতিমাত্রার প্রতিক্রিয়ার কোনো কারণ নেই। তবে উদ্বেগের কারণ হচ্ছে, ভারতের কোনো কোনো গণমাধ্যমে এই প্রকল্পের সঙ্গে ভারত-পাকিস্তানের উত্তেজনাকে মিলিয়ে দেখা হচ্ছে। এর ফলে ভুল বার্তা যাচ্ছে যে, চীন দক্ষিণ এশিয়ার দুই দেশের তথাকথিত ‘পানি নিয়ে যুদ্ধের’ ব্যাপারে আগ্রহী। এর মাধ্যমে চীন পাকিস্তানকে নীরব সমর্থন দিতে চায়।
প্রকৃত সত্য হচ্ছে, এই ড্যামের নির্মাণকাজ ২০১৪ সালের জুন মাসে শুরু হয়েছিল। এটা স্পষ্ট যে ড্যামের নির্মাণকাজের লক্ষ্যবস্তু ভারত নয়। সংশ্লিষ্ট অন্য দেশগুলোরও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
নিবন্ধে আরও বলা হয়, চীন এমন অনেক নদীর উৎস, যেগুলো কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেশটি এমন পদক্ষেপ নিলে তা দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে।