বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের ইতিহাসবিদেরা বলেছেন, দেশ বিভাগ বাংলাদেশ ও ভারতের মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তবু এখনো একই হিমালয় পর্বতমালা থেকে দুই দেশের মানুষ পানি পায়। ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্যের একই ঐতিহ্য। তাই দুই দেশের বন্ধুত্বের কোনো বিকল্প নেই।
‘১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে গতকাল শনিবার বাংলাদেশ ও ভারতের ইতিহাসবিদেরা এ কথা বলেন। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বাংলা একাডেমিতে দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাসের শিক্ষক ও গবেষক ছাড়াও সেমিনারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক, সাংবাদিক, ব্যবসায়ী, গবেষক অংশ নিচ্ছেন।
সকালের উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সম্পর্ক উন্নত হচ্ছে উল্লেখ করে বলেন, ওই অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্ব অনুষ্ঠিত একই অধিবেশনে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেন, দ্বন্দ্ব হচ্ছে অনুন্নয়নের চিহ্ন। অতীতে দেখা গেছে, এক দেশের দুর্বলতাকে অন্য দেশ পুঁজি করে লাভবান হতে চাইছে। আসলে দরকার, প্রতিবেশী দেশের সামর্থ্যকে কাজে লাগিয়ে উন্নতি করার মানসিকতা।