বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা ও সীমান্ত চুক্তি সই জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানিবণ্টন এবং স্থল সীমান্ত চুক্তি সই হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের বিদায়ী পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই। কলকাতার আনন্দবাজার পত্রিকা গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।
রঞ্জন মাথাই নয়াদিল্লিতে ওই মন্তব্য করে আরও বলেন, দুই দেশের মধ্যে এই চুক্তি সইয়ের জন্য তিনি গত এক বছর ধরেই সচেষ্ট ছিলেন। আর এ লক্ষ্যে ভারতে ঐকমত্য তৈরির চেষ্টাও চালান তিনি।
আনন্দবাজার আরও জানায়, ওই দুই চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর থেকে এ পর্যন্ত দেশটির সব বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে। দলগুলোকে স্থল সীমান্ত চুক্তি সইয়ের প্রয়োজনীয়তার কথা বোঝানো হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং আসাম বিজেপি চুক্তি দুটির বিরোধিতা করে আসছে। তবে এসব চুক্তি অবিলম্বে সই করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে আগামী ২৫ আগস্ট শুরু হওয়া ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে সংবিধান সংশোধনী বিল তোলা হতে পারে।