বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্রের বিপণনের কাজে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রয়াসের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।গতকাল শুক্রবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলে বণিকসভা ফিকি আয়োজিত মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিজনেস কনক্লেভে প্রধান বক্তার ভাষণে ইনু বলেন, ‘একই সাংস্কৃতিক ঐতিহ্য এবং চলচ্চিত্রের ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে বাংলা ছবিকে সামাজিক, রাজনৈতিক এবং বিশ্ব সংহতির ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য করে তুলতে হবে।’ আলোচনায় উপস্থিত ছিলেন মহেশ ভাট, গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ, ঋতুপর্ণা, পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলাদেশের মন্ত্রীর বক্তব্যের সমর্থনে পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দেন বাংলাদেশের ছবি যাতে পশ্চিমবঙ্গে দেখানো যায় তার জন্য তিনি উদ্যোগী হবেন।