বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নিতে হবে। দুই দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, এ সম্পর্ক কখনোই রাজনৈতিক বিষয় নয়; তেমনটি যেন না হয়।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডিয়া-বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক বিশেষ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সংকটময় মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের এক কোটি নাগরিককে তারা আশ্রয় দিয়েছিল। দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এর চেয়ে বড় নজির পৃথিবীর আর কোথাও নেই। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও কোর্সের প্রধান বীণা সিক্রি বলেন, এ কোর্সের মূল উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা। তিনি সম্পর্ক উন্নয়নে দুই দেশের জনগণের মতামত নেওয়ার আহ্বান জানান। সাবেক এই কূটনীতিক বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে উচ্চপর্যায়ের যে যোগাযোগ হয়, তাতে অনেক সময় জনমতের প্রতিফলন ঘটে না। তাই দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে জনগণের মেলবন্ধনের ওপর জোর দিতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসীন, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ভারতের জামেয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে ওই কোর্সের আয়োজন করে। গত বছর এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ কোর্সের আয়োজন করা হয়। এতে দুই দেশের ২০ জন তরুণ পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন। এ বছরের ৯ অক্টোবর থেকে শুরু হওয়া এ কোর্সের প্রথম অংশ ভারতের সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শেষ হয়।