ভারতের কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী মনি শংকর আয়ার বলেছেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দুই দেশের মধ্যকার বিষয়গুলো সমাধানের চেয়ে সমস্যা তৈরি করছে বেশি। তারা সম্পর্ককে মানবিক না করে রাজনৈতিক করছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হওয়া উচিত মানবিক সম্পর্কের জায়গা থেকে।
গতকাল বুধবার রাজধানীর স্পেকট্রা মিলনায়তনে এক জন-বক্তৃতায় মনি শংকর এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দ্য হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে ওই বক্তৃতার আয়োজন করে।
মনি শংকর বলেন, ভারতের প্রতিবেশী প্রায় সব দেশ লিলিপুটের মতো। ভারত সেখানে গালিভার। অন্যরা অনেকে তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করে। বাংলাদেশে বিএনপি হারলে ভারতকে দায়ী করা হয়। কিন্তু এটা ঠিক নয়। বাংলাদেশের জনগণই এটি ঠিক করে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মতামতকে প্রভাবিত করার ক্ষমতা ভারতের নেই।
মনি শংকর বলেন, ভারত-বাংলাদেশ আলাদা দেশ হওয়া ছিল একটি রাজনৈতিক দুর্ঘটনা। এখন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সম্মান করলে, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশকে ভারতের কিছু শেখানোর নেই, বাংলাদেশেরও ভারতকে কিছু শেখানোর নেই। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন কিনেছে, এটা তাদের বিষয়। সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হয় কি না, সেটা ভারতের দেখার বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তাকৌশল কী হবে, তা বাংলাদেশকেই ঠিক করতে দিতে হবে।
১৯৭২ সালের শুরুর দিকে নিজের বাংলাদেশ সফরের স্মৃতি বর্ণনা করে মনি শংকর বলেন, তখন দুই দেশের সম্পর্ক ছিল খুবই গভীর। প্রায় ৪৫ বছর পর সম্পর্ক যত দূর এগোনোর কথা ছিল, সেটি হয়নি। ১৯৭২ সালেও অ্যাজেন্ডা ছিল পাটের যৌথ বাজারজাত, এখনো সেটাই বলা হচ্ছে।
সাবেক এই কূটনীতিক বলেন, মনমোহন তিস্তার পানি সমস্যা অনেক আগেই প্রায় সমাধান করে ফেলেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে শেষ পর্যন্ত তা হয়নি। তিনি মনে করেন, ফারাক্কার মতো তিস্তা সমস্যা সমাধান করা দরকার।
মনি শংকর আয়ার মনে করেন, ৪৫ বছরে বাংলাদেশ স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, ভারত তার স্বাধীনতার প্রথম ৪৫ বছরে এতটা অগ্রগতি সাধন করতে পারেনি। এক প্রশ্নের জবাবে মনি শংকর বলেন, রোহিঙ্গা ইস্যু একটি অনালোচিত ও অবহেলিত বিষয়। অথচ তারা নির্যাতন ও সহিংসতার শিকার। বিশ্ববাসীর কর্তব্য রয়েছে তাদের পাশে দাঁড়ানোর। ভারত মনে করে, বিশ্বের যেখানেই কেউ নির্যাতনের শিকার হয়, তাদের পাশে দাঁড়ানো দরকার।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, দ্য হাঙ্গার প্রজেক্টের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেরিনা নাহার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।