বাংলাদেশ ও ভারতের সেনাদের সাইকেল অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সেনাসদস্যদের ১১ দিনের যৌথ সাইকেল অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার লিচুবাগান থেকে এই সাইকেলযাত্রার উদ্বোধন করেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এস বেদি। যৌথ সাইকেলযাত্রায় অংশ নিতে ১৯ মার্চ বাংলাদেশের সেনাসদস্যের একটি দল ভারতের ত্রিপুরায় আসে।

দুই দেশের সেনাবাহিনীর ১৫ জন করে কর্মকর্তা ও সৈনিক এই সাইকেলযাত্রায় অংশ নিচ্ছেন। সাইকেল আরোহীরা বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে মোট ৫৩২ কিলোমিটার পাড়ি দিয়ে আগামী ১ এপ্রিল কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রবেশ করবেন।

সেনা সূত্রে জানা গেছে, সকালে আগরতলার সেনা এলাকা থেকে রওনা দিয়ে ৬৩ কিলোমিটার পথ অতিক্রম করে ওই দিনই শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে কুমিল্লায় ঢুকবেন সাইকেল আরোহী সেনাসদস্যরা। কাল বৃহস্পতিবার তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা। আগামী শুক্রবার তাঁরা ঢাকায় থাকবেন। শনিবার মানিকগঞ্জ এবং রোববার ফরিদপুর পৌঁছে সোমবার পর্যন্ত সেখানেই অবস্থান করবেন সেনাসদস্যরা। আগামী মঙ্গলবার মাগুরা থেকে যশোর রওনা দেবে এই দল। বুধবার সেখানে থাকবেন। বৃহস্পতিবার যশোর থেকে রওনা দিয়ে ওই দিনই বেনাপোল সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বা বালিগঞ্জে রাত্রিযাপন করবেন সাইকেল আরোহীরা। আগামী শনিবার তাঁদের কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গে পৌঁছানোর কথা রয়েছে। আগরতলা থেকে কলকাতা, ভায়া ঢাকা—এই ৫৩২ কিলোমিটার পথ অতিক্রম করতে সাইকেল আরোহীদের ১১ দিন লাগবে।

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এস বেদির মতে, এই সাইকেলযাত্রা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটাবে। শুধু সাইকেল সাফারিই নয়, যৌথ সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে দুই দেশের সেনাবাহিনীর জন্য একাধিক যৌথ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি দাবি করেন, সীমান্তবর্তী দুই বন্ধু দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নতির ধারা দীর্ঘদিন ধরে অব্যাহত। সাইকেলযাত্রা এরই অংশ।