বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠক শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে গতকাল বুধবার দিল্লি এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৪ জনের এক উচ্চপদস্থ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ বৈঠকে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠতে চলেছে সন্ত্রাস ও তার মোকাবিলার প্রসঙ্গ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সন্ধ্যায় দেখা করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে। এদিন তিনি ভারতের সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির সদর দপ্তর পরিদর্শন করেন। অপরাধের মোকাবিলায় এই প্রতিটি বিভাগেই বাংলাদেশি কর্তাদের প্রশিক্ষণ দিতে ভারত প্রস্তুত। আজ বৃহস্পতিবার সকালে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ভারত সরকারের তরফে আনুষ্ঠানিক এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারতের দিক থেকে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি, সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক, নারকোটিক কন্ট্রোল ব্যুরো ও উপকূলরক্ষী বাহিনীর প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। বিবৃতিতে বলা হয়েছে, এ আলোচনায় স্থলসীমান্ত চুক্তির পর সীমান্ত ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রতিনিধিরা কলকাতা ও রাজস্থানের উদয়পুরে সফরে যাবেন।
দ্বিপক্ষীয় ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক বসছে দীর্ঘ সাড়ে তিন বছর পর। ২০১৩ সালের জানুয়ারি মাসে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা সুশীলকুমার সিন্ধে ঢাকায় গিয়ে বৈঠক করেছিলেন বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে। এই সাড়ে তিন বছরে সন্ত্রাস নতুন চেহারায় এই উপমহাদেশে ছোবল মারতে শুরু করেছে। গুলশান-কাণ্ড দুই দেশকেই উপলব্ধি করিয়েছে, সহযোগিতার পরিধি বিস্তৃত করা না গেলে এই বিপদের মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে।
এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদর দপ্তরে যান। ভারতের বিভিন্ন স্থানে ধরা পড়া বেশ কিছু সন্দেহভাজন জঙ্গির সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগের কিছু প্রমাণ এনআইএর তদন্তে উঠে এসেছে। এসব তথ্যের আদান-প্রদান এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে শহীদুল হক কথা বলেন এনআইএর মহাপরিচালক শরদ কুমারের সঙ্গে। বাংলাদেশের পক্ষ থেকে ১০ অপরাধীর একটি তালিকা ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই ১০ জনই ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে বলে বাংলাদেশের ধারণা। শরদ কুমারের সঙ্গে এ নিয়েও তথ্যের আদান-প্রদান করেন শহীদুল হক।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, দুই দেশের মধ্যে অপরাধী বহিঃসমর্পণ চুক্তিতে যে সংশোধন আনা হয়েছে, সন্ত্রাসের মোকাবিলায় তা সহায়ক হবে। সূত্রটি বলছে, সংশোধনী আনার একটাই কারণ, অপরাধী হস্তান্তরে দীর্ঘসূত্রতা এড়ানো। এ সংশোধনীর ফলে দুই দেশই অন্য দেশের যেকোনো অপরাধীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ামাত্রই হস্তান্তর করতে পারবে। প্রমাণ দাখিলের প্রয়োজন হবে না।
শহীদুল হক গতকাল সকালে দেখা করেন ভারতের গোয়েন্দা ব্যুরো প্রধান দীনেশ্বর শর্মার সঙ্গে। তারপর তিনি দেখা করেন দিল্লির পুলিশ কমিশনার অলোক কুমার ভার্মার সঙ্গে। এনআইএর সদর দপ্তরে যান দুপুরে। সেখান থেকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অফিস। তারপর সিবিআই সদর দপ্তর। বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সমন্বয় কেমন, সন্ত্রাসের মতো অপরাধের মোকাবিলায় বাহিনীর কী ধরনের প্রস্তুতি প্রয়োজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনায় সারা দিন কাটে।
বার্তা সংস্থা পিটিআই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে জানায়, ইসলামিক স্টেট (আইএস) ও সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতার বিষয়দুটি দ্বিপক্ষীয় বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে।