বাংলাদেশ ও ভারতের ১৬২ ছিটমহলে লোকগণনা শুরু
বাংলাদেশ ও ভারত ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থিত দুই দেশের ১৬২টি ছিটমহলে লোকগণনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সব কটি ছিটমহলে একযোগে গণনা শুরু হয়। এটি চলবে আগামী রোববার পর্যন্ত।বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। গণনাকাজের সমন্বয় করছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার জেলা শাসক (ডিএম) মারথী মহাপাত্র এবং বাংলাদেশের পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার।সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ ও ভারত যৌথভাবে এ গণনাকাজ পরিচালনা করছে। গণনাকারীদের মধ্যে নীলফামারী ও পঞ্চগড় জেলার জন্য ৩৫ জন গণনাকারী ও সাতজন তত্ত্বাবধায়ক এ কাজে নিয়োজিত রয়েছেন। এ দুই জেলায় ভারতের পক্ষে সমসংখ্যক গণনাকারী ও তত্ত্বাবধায়ক কাজ করবেন। এ ছাড়া লালমনিরহাট জেলায় বাংলাদেশের ১০ জন তত্ত্বাবধায়ক ও ৫০ জন গগনাকারী এবং ভারতের ২৬ জন তত্ত্বাবধায়ক ও ৭২ জন গণনাকারী নিযুক্ত করা হয়েছে। কুড়িগ্রামে ভারতের তিনজন তত্ত্বাবধায়ক ও ১৫ জন গণনাকারী এবং বাংলাদেশের চারজন তত্ত্বাবধায়ক ও ২০ জন গণনাকারী কাজ করছেন।সূত্র জানায়, গণনাকাজে নিযুক্ত উভয় দেশের সদস্যদের বিশেষ ধরনের পরিচয়পত্র দেওয়া হয়েছে। সূত্রমতে, আগামী সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় উভয় দেশের ছিটমহল সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা হতে পারে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম এবং নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট প্রতিনিধি]