কানেকটিং ক্লাসরুমস কর্মসূচি
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুই লক্ষাধিক শিক্ষার্থীর অভিজ্ঞতা বিনিময়
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারি তৈরির লক্ষ্যে ২০০৮ সালে শুরু হয় ‘কানেকটিং ক্লাসরুমস’ নামের একটি কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেওয়া বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় করেছে। ব্রিটিশ কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকেরা জানান, কানেকটিং ক্লাসরুমস কর্মসূচির আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দেড় শ বিদ্যালয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারি তৈরি হয়েছে। দুটি দেশের দুই লাখ ২০ হাজার শিক্ষার্থী নিজেদের মধ্যে শিক্ষাসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করেছে। এই কর্মসূচির কারণে এসব শিক্ষার্থীর দক্ষতা অনেক বাড়বে, গড়ে উঠবে বিশ্ব নাগরিক হিসেবে।অনুষ্ঠানে দেশি-বিদেশি বিদ্যালয়গুলোর স্টল ছিল। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের আন্তর্জাতিক প্রকল্পগুলো প্রদর্শন করেছে।অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, তরুণ শিক্ষার্থীদের গল্প শুনে ও তাদের উদ্যম দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়গুলো আন্তর্জাতিক মাত্রা লাভ করছে। বিজ্ঞপ্তি।