জঙ্গিবাদ ও সন্ত্রাসে অর্থায়ন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা একসঙ্গে কাজ করবে: আইনমন্ত্রী
জঙ্গি ও সন্ত্রাস বিস্তারে অর্থায়ন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সম্পৃক্ততা এবং বিগত জোট সরকারের সময় বিদেশে পাচার করা টাকা উদ্ধারে বাংলাদেশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করবে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে বিচার বিভাগ ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সফর সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ওই সফরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ছিলেন। আইনমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন জায়গায় জোট সরকারের আমলে অর্থ পাচার করা হয়েছে। কারা পাচার করেছে এবং অর্থের পরিমাণ কত, সে সম্পর্কে মন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি।আইনমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসে কারা অর্থ জোগান দিচ্ছে, তা অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সম্পর্কের বিষয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিছু তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া লস্কার-ই-তাইয়েবার সদস্যদের স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক তথ্য পাচ্ছে।আইনমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র র্যাবকে কারিগরি ও বিজ্ঞানসম্মত উপায়ে অপরাধ দমন এবং গোয়েন্দাগিরিতে পারদর্শী করে তুলতে প্রশিক্ষণ দেবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সশরীরে এ দেশে কাজ করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম কোনো আলোচনা হয়নি। ইউরোপীয় ইউনিয়নও র্যাবকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে বলে তিনি জানান।বঙ্গবন্ধুর খুনি প্রসঙ্গ: আইনমন্ত্রী জানান, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর দণ্ডিত খুনিদের ফিরিয়ে আনতেও যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক উন্নত ও আরও ভালো হবে বলে তিনি বিশ্বাস করেন।