বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঋণচুক্তির খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তরাষ্ট্রীয় ঋণচুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। চুক্তি অনুযায়ী প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মোট খরচ হবে ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ২৬৫ কোটি মার্কিন ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গতকাল সোমবার এই খসড়া অনুমোদিত হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে চুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব জানান, প্রকল্পের মোট অর্থের মধ্যে রাশিয়া সরকার ঋণ হিসেবে দেবে ১১ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ১৩৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এই ঋণ পাবে। বাকি অর্থ বাংলাদেশ সরকার দেবে। অনুদান হিসেবেও কিছু অর্থ পাওয়া যাবে।
তিনি জানান, ৩০ বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। ২০২৭ সালের ১৫ মার্চ থেকে প্রতিবছর এই সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ থেকে শুরু হবে। তবে তা ৪ শতাংশের বেশি হবে না।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। তবে এই চুক্তি বাংলাদেশে না রাশিয়ায় অনুষ্ঠিত হবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
গতকালের বৈঠকে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। জাতীয় টেলিযোগাযোগ নীতি-২০১৬ বর্তমান টেলিযোগাযোগ নীতি-১৯৯৮-এর স্থলাভিষিক্ত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় আইসিটি নীতি-২০১৫, জাতীয় ব্রডব্যান্ড নীতি-২০০৯ এবং আন্তর্জাতিক লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিস নীতি-২০১০ নতুন টেলিযোগাযোগ নীতিতে একীভূত হয়ে যাবে। জাতীয় টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এবং নতুন বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযুক্ত হতে ১০ বছর মেয়াদি এই নীতি প্রণীত হয়।
মন্ত্রিসভা বাংলাদেশে বৈদেশিক জাহাজের উন্মুক্ত নিবন্ধনের বর্তমান অনুবিধি বাতিল করে দিয়েছে। ১৯৮৯ সালে এটি চালু হয়েছিল।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশে বৈদেশিক জাহাজের মর্যাদা পরিবর্তন হবে এবং এখন থেকে জাহাজ নিবন্ধনের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশকে অনুসরণ করা হবে। তিনি বলেন, শুধু পানামা, লাইবেরিয়া ও মার্শাল দ্বীপের মতো কয়েকটি দেশে বিদেশি জাহাজের উন্মুক্ত নিবন্ধন হয়।