
কৃষি, পানিব্যবস্থাপনা তথা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও হাঙ্গেরি। গতকাল মঙ্গলবার সকালে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ওই সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।
স্মারক সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান উপস্থিত ছিলেন।
পানিব্যবস্থাপনা-সম্পর্কিত প্রথম সমঝোতা স্মারকটি সই করেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ডর পিন্টার ও বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ ও বাণিজ্য-সংক্রান্ত দ্বিতীয় সমঝোতা স্মারকে সই করেন হাঙ্গেরির অর্থনৈতিক কূটনীতিবিষয়ক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী লেভেন্ত ম্যাগইয়ার ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। কৃষি খাতে সহযোগিতা-সংক্রান্ত তৃতীয় সমঝোতা স্মারক সই করেন হাঙ্গেরির কৃষিমন্ত্রী জসল্ট নেমেথ ও বাংলাদেশের কৃষিসচিব মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ।
এ ছাড়া বাংলাদেশ এবং হাঙ্গেরি ভবিষ্যতে সম্পর্ক পুনঃস্থাপন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতার পাঁচটি ক্ষেত্র শনাক্ত করেছে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ২০১৮ সালের মধ্যে কূটনৈতিক মিশন অথবা কনস্যুলেট অফিস খোলার ইঙ্গিত দেওয়া হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর এটি বন্ধ হয়ে যায়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে উভয় নেতা এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দুটি দেশই সহযোগিতার ক্ষেত্রে আন্তরিক।
প্রধানমন্ত্রী অরবান বলেন, ‘হাঙ্গেরি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক। তবে দেশটি আমাদের জন্য অনেক মূল্যবান এবং বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে সহযোগিতা পাওয়ার বিষয়ে আমাদের অনেক আগ্রহ রয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাঁর দেশ একাধিক ক্ষেত্রে বিশেষ করে, পানিব্যবস্থাপনা, কৃষি ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার যত শিগগির সম্ভব ঢাকায় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য এবং দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, গবেষণাসহ পানিব্যবস্থাপনা খাতে সহযোগিতার জন্য একটি ‘ওয়াকিং গ্রুপ’ গঠন করা হবে। এ ছাড়াও দুই দেশ পানিব্যবস্থাপনার লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তিগত সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত তহবিলে সহযোগিতা করবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল হাঙ্গেরির সিটি পার্কের হিরোস-স্কয়ারে দেশটির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হাঙ্গেরি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রাণোৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রয়াত বীরদের সম্মানে প্রধানমন্ত্রী এক মিনিট দাঁড়িয়ে নীরবতাও পালন করেন।
হিরোস স্কয়ার বুদাপেস্টের অন্যতম ঐতিহাসিক স্থান। দেশটির সাতজন নেতার প্রতিমূর্তিসংবলিত এই কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ কয়েকজন জাতীয় নেতাসহ নাম না-জানা অনেক সৈন্যের সমাধি রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে গত রোববার হাঙ্গেরি গেছেন। হাঙ্গেরিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের কোনো নেতার এটাই প্রথম সফর।