বাংলাদেশ কম কার্বন নিঃসরণ প্রযুক্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরে ১০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিলের টাকা জাতিসংঘের মাধ্যমে কীভাবে ছাড় হবে, সে নিয়ে তর্ক-বিতর্ক এখনো শেষ হয়নি। তবে তহবিলের ব্যবস্থাপনা পদ্ধতি চূড়ান্ত না করতে পারলেও শিল্পোন্নত দেশগুলো অঙ্গীকার করা অর্থ দ্বিপক্ষীয়ভাবে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশসহ তিনটি রাষ্ট্রকে জ্বালানি ও বন ব্যবস্থাপনা খাতে প্রযুক্তি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। নিম্ন কার্বন নিঃসরণ প্রযুক্তি দেওয়ার মাধ্যমে এই সহায়তা দেবে তারা। এ ছাড়া দ্বিপক্ষীয় সহায়তার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, কানাডাসহ বেশ কিছু শিল্পোন্নত দেশ। কানকুন সম্মেলনে জাতিসংঘের আলোচনার অগ্রগতি ধীর হলেও দ্বিপক্ষীয় আলোচনা অনেক দ্রুততার সঙ্গে এগোচ্ছে। তবে দ্বিপক্ষীয় আলোচনায় উন্নত দেশগুলো অর্থ দেওয়ার কথা বললেও তারা কী পরিমাণে কার্বন নিঃসরণ হ্রাস ও তাপমাত্রা কমাতে রাজি হবে, সে প্রসঙ্গ উঠছে না। গতকাল যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জানায়, তারা নিম্ন কার্বন নিঃসরণ প্রযুক্তি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ, কলম্বিয়া ও মরক্কোর নাম চূড়ান্ত করেছে। বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক উন্নয়ন সহায়তা বিভাগ (ইউএসএইড) থেকে এ কথা জানানো হয়েছে। ‘নিম্ন কার্বন প্রযুক্তি সহায়তা উদ্যোগের’ অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরকার আগামী বছর থেকে এই সহায়তা দেওয়া শুরু করবে বলে জানিয়েছে। নিম্ন কার্বন প্রযুক্তি সহায়তা উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে মরক্কোকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সহায়তা দেওয়া শুরু করেছে। বাংলাদেশ ও কলম্বিয়াও চাইলে এই সহায়তা দেওয়া হবে। বৈঠকে আইনুন নিশাত জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে খুবই সামান্য হওয়ায় বাংলাদেশ কার্বন নিঃসরণ বন্ধে উদ্যোগ নিতে বাধ্য নয়। তবে বড় কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ খাতের কথা তুলে ধরে আইনুন নিশাত বলেন, বাংলাদেশে সর্বনিম্ন দরদাতা স্বাভাবিকভাবেই নিম্নমানের প্রযুক্তি দিয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেষ্টা করে। সেখানে বেশি কার্বন নিঃসৃত হয়। বাংলাদেশ এই মুহূর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে আইনুন নিশাত বলেন, যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি দিয়ে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা করতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবটি খতিয়ে দেখার অঙ্গীকার করা হয়।