অসুস্থ হয়ে পড়েন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ-কম্বোডিয়া সহযোগিতা জোরদার করবে, চুক্তি সই

দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও কম্বোডিয়া শিল্প ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দেশ দুটি এ বিষয়ে একমত হয়। খবর বাসসের৷
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার পক্ষে নেতৃত্ব দেন সে দেশের প্রধানমন্ত্রী হুন সেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের এ বিষয় ব্রিফিং করেন। তাঁরা বলেন, উষ্ণ ও আন্তরিক পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দুই দেশের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা অর্জনের অভিজ্ঞতা একই ধরনের।
শামীম চৌধুরী ও শহিদুল হক আরও বলেন, আলোচনায় প্রধানত তিনটি প্রধান বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলো হলো: বাণিজ্য, কৃষি ও সংস্কৃতি। তাঁরা বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের বিপুল সম্ভাবনা রয়েছে। সুযোগ রয়েছে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার এবং গঙ্গা-মেকংকে কেন্দ্র করে পর্যটন জোরদারের৷
উল্লেখ্য, ভারতসহ মেকং অববাহিকার অপর পাঁচটি দেশ নিয়ে ছয়টি দেশের সহযোগিতা জোট রয়েছে। ঢাকা যাতে ওই গ্রুপে যোগ দিতে পারে, এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। জবাবে হুন সেন বলেন, ঢাকা ওই গ্রুপে যোগ দিতে চাওয়ায় তিনি আগ্রহবোধ করছেন এবং শেখ হাসিনাকে আশ্বস্ত করেন যে এ বিষয়ে তিনি কাজ করবেন।
অসুস্থ হয়ে পড়েন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী: আমাদের কূটনৈতিক প্রতিবেদক জানান, এর আগে গতকাল ঢাকায় সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে গতকাল মঙ্গলবার সকালে তাঁর পূর্বনির্ধারিত কয়েকটি কর্মসূচি বাতিল করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রাচারপ্রধান আসাদ আলম প্রথম আলোকে এ তথ্য জানান। তবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়৷ আলোচনা শেষে তাঁদের উপস্থিতিতে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হচ্ছে: বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্যে যৌথ কমিশন গঠন, বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা এবং বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক চুক্তি। একমাত্র সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে।
যৌথ ঘোষণা: কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী হর ন্যামহং এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল নিজ নিজ দেশের পক্ষে ১৭ দফা যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে আলোচনা শেষে এই যৌথ ঘোষণা প্রকাশ করা হয়।
ঘোষণায় বলা হয়, ‘বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সৌহার্দ্যমূলক পরিবেশে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদারের ব্যাপারে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন৷
তিন দিনের সফরে গত সোমবার সকালে ঢাকায় আসেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। বুধবার সকালে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন হুন সেন।