বাংলাদেশ-কানাডা বাণিজ্য জোরদারের আশা রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও কানাডার মধ্যে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ক দিন দিন আরও জোরালো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।

সফলতার সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ পূর্ণ করায় কানাডার হাইকমিশনারকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। কানাডাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কানাডা একটি গুরুত্বপূর্ণ দেশ। ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে বলে তাঁর প্রত্যাশা।

সাক্ষাৎকালে কানাডার বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণের মধ্যে যোগাযোগ খুব শক্তিশালী।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।