বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফলাফলে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা প্রকৌশলের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ উঠেছে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথমবর্ষে ভর্তির আবেদনকারী রহিদুল হক এ অভিযোগ করে। ইনস্টিটিউটের পক্ষ থেকে পাঁচ শিক্ষার্থীর ফলাফলে গরমিল পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।
রহিদুল অভিযোগ করে, ২০১৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪ দশমিক ৫ পেয়ে সে এসএসসি পাস করে। চলতি শিক্ষাবর্ষে সে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য ১২ জুন আবেদন করে। ২৭ জুন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ১ জুলাই দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দিনাজপুর পলিটেকনিকের অপেক্ষমাণ তালিকার ৯১ নম্বরে তার নাম দেখা যায়। এরপর ৮ জুলাই দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়। সেখানেও তার নাম ৯৪২ নম্বরে দেখা যায়।
রহিদুলের বড় ভাই মাহবুব রহমান বলেন, প্রথম অপেক্ষমাণ তালিকায় ৯১ নম্বরে থাকা শিক্ষার্থীর নাম তো দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় আরও সামনে এগিয়ে আসার কথা। কিন্তু দেখা গেল তা পিছিয়ে ৯৪২ নম্বরে চলে গেছে।
ইনস্টিটিউটের রেজিস্ট্রার হাসান আলী বলেন, ‘এ ধরনের পাঁচটি অভিযোগ আমরা পেয়েছি। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ সভা করেছে। পরে কারিগরি শিক্ষা অধিদপ্তরেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।’